ভার্চুয়াল মুদ্রার বাজারে আবারও ধস

২০ আগষ্ট, ২০২২ ২৩:২১  
ফের বড়সড় ধস ভার্চুয়াল সম্পদের বাজারে। শুক্রবার সকাল থেকে ক্রিপ্টো মু্দ্রার বাজারের গ্রাফ ক্রমশ নিম্নগামী হতে দেখা গেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, বাজারের সবচেয়ে বড় মুদ্রা বিটকয়েনের দর গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। খবর রয়টার্স ও ইকোনমিক টাইমস। এদিকে, ভার্চুয়াল মুদ্রার বাজারে ধসের কারণে ট্রেডারদের কপালে ভাঁজ পড়েছে। শুক্রবার বিটকয়েনের মূল্য সাড়ে ২৩ হাজার মার্কিন ডলার থেকে নেমে ২২ হাজার মার্কিন ডলারে নেমে আসে। শুধু বিটকয়েন নয়, ইথেরিয়াম, সোলানা, ডোজকয়েনসহ একাধিক মুদ্রার দরে ১৪ শতাংশ পর্যন্ত পতন দেখা গিয়েছে। এ বিষয়ে প্রোঅ্যাসেটজ এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা এবং পরিচালক মনোজ ডালমিয়া জানিয়েছেন, “বিটকয়েন এখনও পর্যন্ত সাপোর্ট লেভেলে ট্রেড করছে। শিগগিরই এই মুদ্রা তার স্থিতিশীল মূল্য ২৫ হাজার মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছে যাবে”। বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন, সম্প্রতি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোর ক্রিপ্টো সম্পদের অফার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ক্রিপ্টো সম্পদ গ্রাহকদের কাছে অফার করার সময় কীভাবে ব্যাংকগুলো নিশ্চিত করবে, এই সেক্টরে প্রয়োজনীয় মূলধন এবং তা নিয়ন্ত্রণের দক্ষতা রয়েছে। এমন প্রশ্ন তোলার পরই শুক্রবার থেকে পতন দেখা গিয়েছে বলে মত তাঁদের। ডিবিটেক/বিএমটি